সুনামগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে। তিনি রোজা ও পূজাকে একই মুদ্রার দুই পিঠ হিসেবে তুলনা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব ডিবিকে দিয়েছেন।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণের পর এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় বলা হয়েছে, দেশের প্রায় ৯১ দশমিক ৪ শতাংশ মানুষ মুসলিম এবং তাদের কাছে ধর্মীয় রীতিনীতি অত্যন্ত সংবেদনশীল বিষয়। অভিযোগে উল্লেখ করা হয়, মুসলিমরা বিশ্বাস করেন নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা হয়, অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর পূজা করেন ভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে। রোজাকে পূজার সঙ্গে তুলনা করাকে মুসলমানরা গ্রহণ করবেন না এবং এমন বক্তব্য উদ্বেগ ও বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে।
অভিযোগে আরও বলা হয়, কিছুদিন আগে শিশির মনির DSN নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে ইচ্ছাকৃতভাবে “রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ” মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্য ছড়িয়ে পড়ে এবং এতে মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে। এতে ধর্মীয় উত্তেজনাও সৃষ্টি হয়েছে বলে মামলায় দাবি করা হয়।





